এনটিআরসিএর ৬ষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুপারিশ প্রাপ্তদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রকাশ!
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক শূন্যপদে নিয়োগ সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী। সুপারিশপ্রাপ্তদের এখন কী করতে হবে সেই প্রশ্ন অনেকের। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে যোগদান করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।
যে প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন সেই প্রতিষ্ঠানে নিয়োগপত্র প্রাপ্তির জন্য প্রথমে একটা আবেদন লিখতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যা যুক্ত করবেন: এনটিআরসিএর চূড়ান্ত সুপারিশপত্র। শিক্ষক নিবন্ধনের ই-সনদের ফটোকপি। সব একাডেমিক সনদের ফটোকপি (সত্যায়িত না হলেও চলবে)। জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ডের ফটোকপি। পাসপোর্ট সাইজের আপডেট ২ কপি ছবি। কোনও বিবাহিত নারী যদি স্বামীর ঠিকানায় ভোটার না হন তাহলে তাদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদ ব্যবহার করা বেটার।
এরপর ওপরের সমস্ত কাগজপত্র নিয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিতে হবে। প্রতিষ্ঠান ১ সপ্তাহের মধ্যে নিয়োগপত্র পাঠাবে প্রার্থীর কাছে। তারপর একটা যোগদানপত্র লিখতে বা প্রিন্ট করতে হবে। এরপর প্রতিষ্ঠানের দেওয়া নিয়োগপত্র আর লেখা যোগদানপত্র নিয়ে প্রতিষ্ঠানে জয়েন করতে হবে।
এনটিআরসিএ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২০২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি জারিকৃত পরিপত্রের ৬ নম্বর অনুচ্ছেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৩টি শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ অনুমোদিত স্ব-স্ব জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকুলে নির্ধারিত তারিখের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। অন্যথায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান এবং ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির বিরুদ্ধে উল্লিখিত বিধি বিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments
Post a Comment